হামে শিশুমৃত্যু ছাড়াল ৫০০, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

হামে শিশুমৃত্যু ছাড়াল ৫০০, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৫:৩৪

দেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ১২ জন হাম-সদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৬ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪২৬ শিশুর।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২১৪ শিশুর এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।