মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৫:৪০

মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তবে কিছু গোষ্ঠী রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা কেউ শোনেনি, তারা এখন সোচ্চার হয়ে উঠেছে। তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে সম্পর্ক গড়ে তুলেছে।”

তিনি আরও বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করতে চায় এবং বিভ্রান্তি ছড়ায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে। দেশের ভাগ্য পরিবর্তনে “৪০ কোটি হাতকে এক হতে হবে” বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।