স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। ঈদের সরকারি ছুটি শুরু হতে আরও কয়েক দিন বাকি থাকলেও ইতোমধ্যে উত্তরের মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এতে যমুনা সেতু এলাকায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৪ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো বড় ধরনের যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন সেতু পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
এ সময় পূর্ব টোলপ্লাজা দিয়ে (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বর্তমানে ১৪টি বুথে টোল আদায় চলছে এবং চাপ সামলাতে আরও ৪টি অতিরিক্ত বুথ চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের আশা, এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
আরো পড়ুন: