আসন্ন ঈদুল আজহা ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদযাত্রা নিরাপদ করা, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজি ও অপরাধ দমন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে একযোগে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে। জরুরি হটলাইনও সক্রিয় রাখা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে পশুর হাটে নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ও অনলাইন প্রতারণা রোধে বিশেষ নজরদারি থাকবে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।
র্যাব ও পুলিশ জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নৌপথ, সড়কপথ ও রেলপথেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, পশুর হাটে সিসিটিভি ক্যামেরা, আলোকসজ্জা ও নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে। পাশাপাশি জাল নোট শনাক্তকরণ বুথ ও যন্ত্রও ব্যবহার করা হবে।
নৌপুলিশ নদীপথে অতিরিক্ত টহল পরিচালনা করবে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধে ব্যবস্থা নেবে। বিজিবিও গুরুত্বপূর্ণ এলাকা ও সীমান্তবর্তী স্থানে নিরাপত্তা জোরদার করেছে।
আরো পড়ুন: