ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, প্রমাণ মিলেছে ফরেনসিক রিপোর্টে

ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, প্রমাণ মিলেছে ফরেনসিক রিপোর্টে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১১:১৭

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। রোববার (২৪ মে) ফরেনসিক বিশ্লেষণ শেষে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহের অংশ বিচ্ছিন্ন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রোববার আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান বলেন, চার্জশিট প্রায় প্রস্তুত, রোববারই আদালতে জমা দেওয়া হবে।

তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার পরপরই আলামত সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বাদী শিশুটির বাবা আব্দুল হান্নান বলেন, তিনি দ্রুত ও সুষ্ঠু বিচার চান, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন ঘটনার শিকার না হয়।