শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে টানা ৭ দিনের ছুটি শুরু

শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে টানা ৭ দিনের ছুটি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১১:৩৪

পবিত্র ঈদুল আজহার আগে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।

সরকারের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে মোট ছুটি দাঁড়িয়েছে সাত দিনে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়। এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্তও অনুমোদন দেওয়া হয়েছিল।

১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিযোগাযোগ, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসা সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।