ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১১:৫৪

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিআরটিসির যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৪ মে) ভাঙ্গা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।