উপাত্ত বা ডেটা ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৪ মে) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক যুগে সঠিক উপাত্ত ছাড়া জনসংযোগ বা প্রচার কার্যক্রম কার্যকর হতে পারে না। প্রতিটি বার্তা তৈরি ও প্রচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ ডেটার ওপর নির্ভর করা জরুরি।
তিনি আরও বলেন, “উপাত্তহীন তথ্যকে সমাজ কেবল ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচনা করে, যার কোনো প্রাতিষ্ঠানিক বা বাস্তব মূল্য নেই।”
জহির উদ্দিন স্বপন ডিজিটাল যুগে সাইকোগ্রাফি ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের লাইক, শেয়ার ও মন্তব্য বিশ্লেষণ করে জনমতের সঠিক চিত্র পাওয়া সম্ভব। এই ডেটা ব্যবহার করেই জনসংযোগ আরও কার্যকর করা যায়।
তিনি জনসংযোগ কর্মকর্তাদের “ডিজিটাল ফোর্স” হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, উন্নয়ন ও সাফল্যকে পরিসংখ্যান ও ডেটার মাধ্যমে উপস্থাপন করলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভাপতিত্ব করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: