রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ

রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৬:১৬

আপডেট: ২৪ মে, ২০২৬ ১৮:৪১

রাজধানীর মিরপুরের পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে রোববার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং অপরাধে সহযোগিতা ও আলামত গোপনের অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় স্বপ্নাকে আটক করা হয় এবং পরে ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১৯ মে সকালে রামিসাকে জোর করে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। আলামত নষ্ট ও মরদেহ গোপনের চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা স্বপ্না আক্তারকে আটক করে পুলিশে খবর দেন।

নিহত রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় তার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। দ্রুত তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে।