মেহেরপুরে এক শিশুকে (৯) ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। জরিমানার টাকা ধর্ষকের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভিকটিমের পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন আদালত।
দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্যদিবসের মধ্যে স্ব-শরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে জবানবন্দি জেরা গ্রহণ করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।
মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণির মেয়ে তার বাবাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে শিশুটির বাবা গাংনী থানায় ধর্ষণ মামলা করেন।
রায় ঘোষণার সময় আদালতে বাদি ও আসামিপক্ষের আইনজীবী এবং আসামি উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: