জাতীয় ঈদগাহে ঈদের নামাজ সকাল সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ সকাল সাড়ে ৭টায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১২:০৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। ইতোমধ্যে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

প্রশাসক আরও জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ঈদ জামাতের জন্য ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া ঈদগাহে প্রবেশের জন্য চারটি প্রবেশপথ এবং বের হওয়ার জন্য সাতটি পথ থাকবে। পাশাপাশি অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন।

তিনি আরও জানান, ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা রাখা হয়েছে। সব মিলিয়ে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।