সৌদি আরবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান মিনায় সমবেত হয়ে ইবাদত-বন্দেগিতে অংশ নিচ্ছেন। শুরু হয়েছে হজের গুরুত্বপূর্ণ ধাপগুলোর যাত্রা, যা আগামী দিনগুলোতে আরাফাতের ময়দানে মূল রোকন পালনের মধ্য দিয়ে এগিয়ে যাবে।
হজের নিয়ম অনুযায়ী, হাজিরা সোমবার সারা দিন ও রাত মিনায় অবস্থান করে ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন। এরপর মঙ্গলবার (৯ জিলহজ) হজের প্রধান রোকন পালনের জন্য তারা মিনার থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা দেবেন, যাকে বলা হয় অকুফে আরাফা।
আগামী বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নেবেন।
এদিকে মিনাসহ আরাফাত ও আশপাশের পবিত্র স্থানগুলোতে তীব্র দাবদাহ বিরাজ করছে। সৌদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরাফার দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
তীব্র গরম থেকে হাজিদের সুরক্ষায় সৌদি সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। পবিত্র স্থানগুলোতে ছায়ার ব্যবস্থা, মিস্ট ফ্যান, পর্যাপ্ত পানির সরবরাহের পাশাপাশি চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। গরমের কারণে অসুস্থতা এড়াতে হাজিদের ছাতা ব্যবহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: