ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা: রেলমন্ত্রী

ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৪:১০

ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) ঢাকার ফার্মগেটে ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সী ব্যক্তি, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট রুটে দুটি কোচে আজ থেকেই নারীদের জন্য আলাদা যাত্রার ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। নতুন কোচ সংযোজন করা গেলে সময় আরও কমানো সম্ভব হবে।

তিনি জানান, মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও কার্ড সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ২৫ শতাংশ ছাড়ে বিশেষ কার্ড মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে দেওয়া হবে।

ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ছাড়ার যাত্রীর চাপ নিয়েও কথা বলেন তিনি। রেলমন্ত্রী জানান, দুই দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়তে পারে। তবে টিকিট ছাড়া বা অবৈধভাবে যাত্রা নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন পর্যায়ক্রমে বন্ধ করা হবে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হবে। টাঙ্গাইলের সাম্প্রতিক দুর্ঘটনাটি চালকের ভুলের কারণে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।