দেশে হামের টিকাদান কর্মসূচিতে বড় অগ্রগতি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের টিকাদান কর্মসূচিতে বড় অগ্রগতি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৪:৫২

দেশে হামের টিকাদান কর্মসূচিতে বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তার মতে, এখন পর্যন্ত সারাদেশে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং কর্মসূচি এখনও চলমান রয়েছে।

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। প্রথম ধাপে যে ১৮ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকাদান কার্যক্রম এখনো চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে বিশেষভাবে আন্তরিকভাবে কাজ করছেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।

এর আগে হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মানও পর্যবেক্ষণ করেন।