অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার

অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৫:১৭

আপডেট: ২৫ মে, ২০২৬ ১৫:১৭

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার পর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলেই স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ ভিজিলেন্স টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদ জামাত এবং ঈদের ছুটিকালীন ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সাব-কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি নিশ্চিত করা হয়েছে।

অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবি ও সাদা পোশাকের পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে বলেও তিনি জানান। নগদ অর্থ পরিবহনে মানি এসকর্ট সার্ভিস চালু রয়েছে।

তিনি বলেন, বাস, লঞ্চ ও রেলস্টেশনে পুলিশ কন্ট্রোলরুম ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট ও কমলাপুরে বিশেষ নজরদারি চলছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।