পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বিভিন্ন রুটে বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
তিনি বলেন, অতিরিক্ত ভাড়া বহনের সামর্থ্য না থাকায় অনেক শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, ট্রেনের ছাদ ও খোলা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি চট্টগ্রাম থেকে কম খরচে রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
সংগঠনটির দাবি, প্রতি বছর ঈদ মৌসুমে অতিরিক্ত ভাড়ার চাপে নিম্নআয়ের মানুষ বাসের ছাদ, ট্রেনের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাধ্য হন। অথচ যাদের শ্রমে দেশের অর্থনীতি সচল, তাদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে রাষ্ট্র বার বার ব্যর্থ হচ্ছে।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে যাত্রীদের বাস ও ট্রেনের ছাদে কিংবা পণ্যবাহী ট্রাকে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আরও বলেছে, ফিটনেসবিহীন যানবাহনে ভ্রমণ থেকেও যাত্রীদের বিরত থাকতে হবে অন্যথায় এবারের ঈদযাত্রাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আরো পড়ুন: