কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।
আহত যুবক মো. সালমান (২৭), তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. নিজামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্তের ওপারে গেলে সেখানে পেতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্যান্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, বালুখালী কাটাপাহাড় সীমান্তসংলগ্ন মিয়ানমারের ভেতরে এ ঘটনা ঘটে। আহত সালমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তিনি আরও জানান, কিছু রোহিঙ্গা বিভিন্ন সময় অবৈধভাবে মাদক আনা–নেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করে থাকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় আনুষ্ঠানিকভাবে জানায়নি।
আরো পড়ুন: