রাজধানীতে কারখানা থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

রাজধানীতে কারখানা থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৯:৩৬

রাজধানীর পূর্ব বাড্ডায় একটি চিপস কারখানা থেকে দগ্ধ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৪টার দিকে কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মোস্তফা (২১) বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে ও মাহমুদুল হাসান (২৩) একই থানার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে নিহত দুই যুবক ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।