সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীর ভাবে দেখেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে।'
তিনি বলেন, 'তারা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোর ভাবে নিয়ন্ত্রণ করবো।'
সম্প্রতি চট্টগ্রামে পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, 'জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীর ভাবে দেখেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে।'
তিনি বলেন, 'এটা অনুমান করতে পারি, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছে।'
তিনি আরও বলেন, 'সেখানে যখন যৌথ অভিযান হয়েছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, দাগী আসামি গ্রেপ্তার হয়েছে। সেখানে পুলিশ একাডেমি, র্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা আছে। চট্টগ্রাম জেলা কারাগার হওয়ার কথা আগে থেকেই। সেই জায়গায় সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। নির্মূল করা হবে। আশা করি সবাই সহযোগিতা করবেন। দেশে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ- কারও জায়গা হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।'
সীমান্তে গোলাগুলির পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'সীমান্তে কোনো সমস্যা হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হয়। দুই-একটা ঘটনা নজরে এসেছে। বিজিবির মহাপরিচালক তাৎক্ষণিক ভাবে সেগুলো দেখেছেন। কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান হয়। তবে জাতীয় ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি।'
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা নেব। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'
সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা রিপোর্ট এবং তথ্যটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব। তথ্যটা দেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব। গত তিন মাসে যেসব জঘন্য অপরাধ হয়েছে, সেগুলোতে আমরা সময়মতো ব্যবস্থা নিয়েছি। এটাও করা হবে, ইনশাআল্লাহ।'
টোল প্লাজায় দীর্ঘ যানজট নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই সমস্যার সমাধানে উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রয়োজন। এখন ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। টিকিট নিতে গিয়ে দীর্ঘ লাইন তৈরি হয়। অনেক দেশে এটা স্বয়ংক্রিয় করা হয়েছে। গাড়িতে একটি কার্ড থাকবে, ডিজিটাল ব্যবস্থায় সেখান থেকে টাকা কেটে নেওয়া হবে। তখন আর অপেক্ষা করতে হবে না। বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়কে আমি পরামর্শ দেব।'
আরো পড়ুন: