শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ, আদালতে আসামি দম্পতি

শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ, আদালতে আসামি দম্পতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১১:৩৪

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়। সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং স্বপ্না আক্তারকে নারী হাজতখানায় রাখা হয়েছে।

আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হয়েছে এবং নির্দেশনা পেলে বিচারকের সামনে হাজির করা হবে।

এর আগে গত ২৪ মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা ১৯ মে সকালে বাসা থেকে বের হলে স্বপ্না কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান। পরে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ বিকৃত করে গুমের চেষ্টা চালানো হয়।

ঘটনার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এর আগে গ্রেপ্তার হওয়ার পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা অপরাধের দায় স্বীকার করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন এবং তার স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।