রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের মায়েদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও সম্ভাব্য অপরাধ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। ঘটনাটি তদন্তে ছয়জন মায়ের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা বিভিন্ন শহরে অবস্থান করায় তথ্য সংগ্রহে কিছুটা সময় লাগছে।”
তিনি আরও বলেন, ঘটনার আইনগত দিক যাচাই করতে অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। কোনো ধরনের অবহেলা বা অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়ার কথা রয়েছে।
এদিকে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের মৃত্যুর সংখ্যা কমে আসছে এবং নতুন টিকাদান কার্যক্রমের কার্যকারিতা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে।
উল্লেখ্য, গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে, পরে আরও তিন সদস্য যুক্ত করা হয়।
আরো পড়ুন: