আমি একা দোষী নই, ডলার মূল আসামি: সোহেল রানা

আমি একা দোষী নই, ডলার মূল আসামি: সোহেল রানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৩:১৩

আপডেট: ১ জুন, ২০২৬ ১৫:২৭

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে দাঁড়িয়ে নতুন অভিযোগ তুলেছেন প্রধান আসামি সোহেল রানা। তিনি নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে ঘটনার মূল দায়ী হিসেবে উল্লেখ করেন।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠনের শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে সোহেল রানা চাঞ্চল্যকর দাবি করেন।

তিনি বলেন, “আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিয়েছে।”

তিনি আরও দাবি করেন, ডিএনএ পরীক্ষা ছাড়াই তাকে জড়িয়ে চার্জশিট তৈরি করা হয়েছে এবং ‘ডলার’ নামে এক ব্যক্তি প্রকৃত আসামি।

সোহেল রানার দাবি অনুযায়ী, ওই ব্যক্তি মিরপুর ১১ এলাকায় বসবাসকারী একজন প্রভাবশালী ব্যক্তি। তাকে গ্রেপ্তার করার আহ্বানও জানান তিনি।

আদালতে তার এই বক্তব্যের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নথিভুক্ত করার কথা জানান। পাবলিক প্রসিকিউটর বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আদালত সব দিক বিবেচনায় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে স্কুলছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে একটি বাসায় মস্তকবিহীন অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় পরবর্তীতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্যও উঠে আসে। বর্তমানে মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।