পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান হঠাৎ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সরকারের চার মাস পূর্ণ হওয়ার আগেই তার এই পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন এবং পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২১৩টি কেন্দ্রে তিনি ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২ ভোট।
১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তার পরিবারও রাজনৈতিকভাবে পরিচিত; তার বাবা সুবিমল দেওয়ান অতীতে সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন: