চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক হাতেনাতে আটক

চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক হাতেনাতে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৬:৪১

আপডেট: ১ জুন, ২০২৬ ১৬:৪৪

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন, ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আটক আরমান চাতরী এলাকার মো. হারুনের ছেলে। সে পরিবারসহ ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। এই জঘন্য ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সকাল ৯টার দিকে সে কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পাশের একটি খালি ঘরে নিয়ে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজা ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে দেয়। সুযোগ পেয়ে শিশুটি ঘর থেকে বের হয়ে আসে।

শিশুর মুখে এই নৃশংসতার বিবরণ শুনে মা তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল ঘেরাও করে অভিযুক্ত আরমান হোসেনকে হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মেয়েটাকে একা পেয়ে ও (আরমান) ঘরে টেনে নিয়ে এই জঘন্য কাজ করেছে। আমরা এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, "খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"