তোফায়েল আহমেদ আর নেই

তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৭:০৮

প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তোফায়েল আহমেদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি ইন্তেকাল করেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও চিকিৎসকরা তা নাকচ করে তার চিকিৎসা চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।