সময় বাড়লো এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

সময় বাড়লো এইচএসসি পরীক্ষার ফরম পূরণের
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ২১:২২

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ ও ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। একইসঙ্গে ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছ।

গত ০১ থেকে ৯ মার্চ পর্যন্ত স্বাভাবিক ফি দিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ ছিল। পরে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।

নির্ধারিত সময় শেষে দুই দফা সময় বাড়ানোর পরও প্রাইভেটে পরীক্ষার্থীদের অনেকের ফরম পূরণ বাকি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, 'আমরা খবর পেয়েছি বেশ কিছু প্রাইভেট পরীক্ষার্থীর ফরম পূরণ বাকি আছে। ঢাকা বোর্ডে প্রাইভেট পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বোর্ডের থেকে তুলনামূলক বেশি। তাই শুধু এ বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আরও দুই দিন বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।'

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে এ ফি দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা। আর বর্ধিত সময়ে ফরম পূরণ করতে এর বাইরে আরও ১০০ টাকা বিলম্ব ফি পরিশোধ করতে হবে পরীক্ষার্থীদের।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ০২ জুলাই থেকে শুরু হচ্ছে। ০৮ অগাস্ট পর্যন্ত চলবে তত্তীয় পরীক্ষা। ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।