নোয়াখালীতে বাড়তি ভাড়া আদায়, ৪ বাস কাউন্টারকে জরিমানা

নোয়াখালীতে বাড়তি ভাড়া আদায়, ৪ বাস কাউন্টারকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ২২:৪৬

নোয়াখালীতে ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে যাত্রীদের থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহমেদ। 

অভিযান সূত্রে জানা যায়, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারসহ চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যাত্রী স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বিআরটিএ'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।