মানব পাচার অভিযোগে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মানব পাচার অভিযোগে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৩:৪০

আপডেট: ২ জুন, ২০২৬ ১৩:৪৫

রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলো ইতোমধ্যে সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য একটি বিশেষ ই-মেইল সেবা চালু করা হচ্ছে। লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে, যা আজ থেকেই কার্যক্রম শুরু করবে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না।

একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।