বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মরদেহ নিজ জেলা ভোলায় পৌঁছেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নিজ গ্রামের এলাকায় অবতরণ করে।
পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নেওয়া হয়, যেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে গত বছরের ২৪ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। আইসিইউ সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরো পড়ুন: