রোহিঙ্গা সংকট নিরসনে নরওয়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে নরওয়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৬:০৫

রোহিঙ্গা সংকট সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দ্রুত স্বীকৃতি দেওয়া এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য নরওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকারের বৈদেশিক নীতির মূল ভিত্তি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন।

এ সময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে নরওয়ের আগ্রহের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পের রপ্তানি সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি ও প্যাকেজিং শিল্পে নরওয়ের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, প্রযুক্তি, গবেষণা এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।