রমজান মাসকে বিবেচনায় রেখে নির্ধারণ করা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে এ বিষয়ে মতামত ও সমালোচনা আসছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।
তিনি বলেন, মূল পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা আয়োজনের। কিন্তু রমজান মাস ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। আবার রোজার আগেও পরীক্ষা শেষ করা সম্ভব নয়।
এহসানুল হক মিলন বলেন, সরকার এখনো এ বিষয়ে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। শুরুতে রমজানের আগে পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে রুটিন প্রস্তুত করা হয়েছিল। তবে বর্তমানে অনেকেই রমজানের পর পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষা একটি সামষ্টিক বিষয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। তাই শিক্ষার্থীদের পাঠ্যসূচি সম্পন্ন হওয়া, প্রস্তুতির সময় এবং সামগ্রিক বাস্তবতা বিবেচনা করেই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, আগে অনেকে রমজানের আগে পরীক্ষা শেষ করার পক্ষে মত দিয়েছিলেন। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ভিন্ন মতামত আসায় বিষয়টি আবারও আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরো পড়ুন: