বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড ফাঁকা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড ফাঁকা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৭:৩৬

আপডেট: ২ জুন, ২০২৬ ১৭:৪৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, 'দেশের সব বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড ফাঁকা রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর টেস্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। শুধু ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে।'

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভায় মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি, বেসরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ডেঙ্গু মোকাবেলার কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংকটের বিষয়টি উঠে আসে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিক ভাবে সার্বজনীন স্বীকৃতি পায়নি। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।'

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারও বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।'