এক কার্ডে সকল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে সরকার কাজ করছে: মন্ত্রী

এক কার্ডে সকল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে সরকার কাজ করছে: মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৭:৫৪

আপডেট: ২ জুন, ২০২৬ ১৭:৫৫

একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়- সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, 'প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কার্ড চালু হলে আলাদা ভাবে আর কোনো বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না।

নতুন এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, 'এই কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট সেল থাকবে, সেখানে প্রবাসীরা আবেদন করবেন। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য, তাদেরই কেবল এই প্রবাসী কার্ড দেওয়া হবে।'

কার্ডধারীরা কী ধরনের সুবিধা পাবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি জানিয়ে আরিফুল হক বলেন, 'প্রবাসীদের বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা বা কারেন্সি সুবিধা, সহজে ও দ্রুত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ বেনিফিট এবং ব্যাংক পেমেন্টের গেটওয়ে নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে ভাবা হচ্ছে। এই কার্ডটি একইসঙ্গে ডিজিটাল পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে।'

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শুধু রেমিট্যান্স যোদ্ধারাই নয়; ইউরোপ, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।