ডেঙ্গুতে আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৯:৩৮

গত ২৪ ঘন্টায় সারাদেশে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৭৭ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৮৪ জন। 

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ২ শতাংশ নারী। এ বছর ছয় জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।