ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলছে স্কুল-কলেজ

ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলছে স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১০:৫৪

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে পাঠদান।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল ২৪ মে থেকে। নির্ধারিত ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার (৪ জুন)। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন থেকে প্রতিষ্ঠানগুলো খুলবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের অবকাশ পেয়েছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস।

এদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হবে।

ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের অবকাশ পাচ্ছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনের পর জুলাই মাসে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ২৯ জুলাই একদিনের ছুটি থাকবে। এরপর আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।