আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ অনেক সময় সুবিধা নিতে পারে। তবে এই ঘটনায় সে সুযোগ নেওয়ার কোনো সুযোগ থাকবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত সংবেদনশীল। তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আবেগের বশবর্তী হয়ে নয়, বাস্তবতা বিবেচনায় বিচারিক প্রক্রিয়া এগোবে।
তিনি দাবি করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৭ মে ঈদুল আজহার আগের দিন রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। বুধবার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে পাঁচটি করে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, ডেঙ্গু ও হাম প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালগুলোতে ১০ শতাংশ শয্যা বরাদ্দ রাখা হবে।
আরো পড়ুন: