রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১২:০৫

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে নিজের বক্তব্যে প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি নির্দোষ স্যার, আমাকে মাফ করে দিন।’ এ সময় তিনি আদালতকে বলেন, ‘ডলারকে ধরেন। আমি অপরাধ করেছি। তাকেও ধরেন।’

আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এরপর আদালত মামলার পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।

এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ ও আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।