রামিসা ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ স্বপ্না

রামিসা ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ স্বপ্না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১২:০৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ হয়ে পড়েছেন আসামি স্বপ্না আক্তার।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে যুক্তিতর্ক শুনানির জন্য তাকে হাজির করার আগে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আদালত সংশ্লিষ্টরা জানান, অসুস্থ স্বপ্নাকে হাজতখানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নির্ধারিত সময়ে শুনানি শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।

এর আগে সকাল ৮টার দিকে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে সোহেল রানাকে বেলা ১১টা ২৪ মিনিটে এবং চিকিৎসার পর স্বপ্নাকে ১১টা ৩৮ মিনিটে এজলাসে তোলা হয়।

গত সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা। পরে স্বজনরা একটি কক্ষে তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।