রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এর আগে সকাল ৮টায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে তাদের হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ২৪ মিনিটে সোহেল রানা এবং চিকিৎসা শেষে ১১টা ৩৮ মিনিটে স্বপ্না আক্তারকে এজলাসে তোলা হয়।
শুনানির আগে স্বপ্না আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে কৌশলে ভেতরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং বর্তমানে মামলাটি বিচারিক পর্যায়ে রয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে এখন যুক্তিতর্কের মাধ্যমে বিচার কার্যক্রম চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে।
আরো পড়ুন: