১৩ দিনে ঈদযাত্রায় ২৯২ দুর্ঘটনা, নিহত ২৮১

১৩ দিনে ঈদযাত্রায় ২৯২ দুর্ঘটনা, নিহত ২৮১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৪:৪৬

এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। ঈদের আগে ও পরে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে ২৯২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮১ জন এবং আহত হয়েছেন ৮৩৭ জন। নিহতদের মধ্যে নারী ৩৪ জন ও শিশু ৪৮ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে প্রতিদিন গড়ে ২১ দশমিক ৬১ জন প্রাণ হারিয়েছেন। তবে গত বছরের তুলনায় এবারের ঈদে প্রাণহানি কিছুটা কমেছে।

সংস্থাটির তথ্যমতে, মোট দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেলে। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ। এছাড়া পথচারী ৩৭ জন এবং চালক-সহকারী ৩৩ জন নিহত হয়েছেন।

একই সময়ে নৌপথে ১৩টি দুর্ঘটনায় ৮ জন নিহত এবং রেলপথে ২২টি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে।

প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক সড়কে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি, এরপর জাতীয় মহাসড়ক। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটার হার সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ ও বিআরটিসি সংস্কার, দক্ষ চালক তৈরি, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে।