স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় মারধর, ওসিসহ ৫ পুলিশ ক্লোজড

স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় মারধর, ওসিসহ ৫ পুলিশ ক্লোজড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৫:৪৯

রংপুর মহানগরীর কোতোয়ালী থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও রক্তাক্ত করার অভিযোগে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান, সাব-ইন্সপেক্টর মাসুদ রানা, নারী কনস্টেবল লিমা সরেন, কনস্টেবল বাসুদেব এবং ডিউটি অফিসার মেহেরুন্নেসা।

এর আগে বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই তিনজন এবং পরে ওসিসহ আরও দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিসি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) সুকুমার রায়।

ভুক্তভোগী রাকিবুল ইসলাম রাকিব রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তার অভিযোগ, থানার ভেতরে তাকে পুলিশ সদস্যরা মারধর করে রক্তাক্ত করেন।

জানা গেছে, একটি নিখোঁজ প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় আনার পর তাদের বিষয়টি মীমাংসা করতে রাজনৈতিক নেতাকর্মীরা থানায় যান। সেখানেই উত্তেজনার এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, তাকে বন্দুক দিয়ে আঘাত করা হয়েছে এবং তার শরীরে একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের কথা জানিয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।