ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ২৩:০০

ঝিনাইদহে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। ঝিনুকমালা আবাসনে তিনিও বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বিল্লাল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বিল্লাল পালানোর চেষ্টা করেন। বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেন কয়েকজন। সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম বলেন, 'বিকেলে বিল্লাল হোসেন নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোকুল চন্দ্র বলেন, 'শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল্লালকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে শিশুটির পরিবার সদর থানায় বিল্লালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরবর্তীতে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'