পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ২১:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। 

আহতরা হলেন- জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশা করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিন জনের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই ঘাতক পিকআপভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।'