টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ২১:৪৮

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালিদুর রহমান (২৯) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)। তারা দেলদুয়ার উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদুর রহমান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ী দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বাবা মেয়ে দু’জনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা খালিদুর রহমান ও তার মেয়ে খাদিজা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া একই সময় দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দু’টি গরুও বজ্রপাতে মারা যায়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত বলেন, 'আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।'