ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৪:২৪

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।

শনিবার (৬ জুন) ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “এটা আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বের হলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার মনে হয় ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।”

ঢাকার পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, একসময় বুড়িগঙ্গায় নৌকায় ঘুরে বেড়ানো যেত, কিন্তু এখন সেই নদীর কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ঢাকার প্রতিষ্ঠানগত দুরবস্থার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যকরভাবে কাজ করছে না, যা নাগরিক সেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, এই অবস্থা থেকে বের হতে না পারলে ঢাকাকে বাঁচানো সম্ভব নয়। পরিবেশ ও নদী রক্ষা ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান, যাতে ঢাকার পরিবেশ ও জীবনমান উন্নত করা যায়।