প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এই উদ্দেশ্যেই অ্যাম্বুলেন্স উৎপাদন ও সেবা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে। সফল হলে পর্যায়ক্রমে দেশজুড়ে এ সেবা সম্প্রসারণ করা হবে।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, তিন স্তরে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে—গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত।
সভায় জানানো হয়, দেশীয়ভাবে অ্যাম্বুলেন্স তৈরি হলে আমদানিনির্ভরতা কমবে এবং তুলনামূলক কম খরচে আধুনিক সুবিধাসম্পন্ন যানবাহন সরবরাহ করা সম্ভব হবে। এতে জরুরি রোগী পরিবহন ব্যবস্থাও আরও উন্নত হবে।
বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ জরুরি সেবার সব সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব অ্যাম্বুলেন্স ডিজাইন করা হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: