কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় রোহিঙ্গাসহ ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ৩৯ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
কোস্টগার্ডের কর্মকর্তা জানান, সমুদ্রপথে মানবপাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টেকনাফ উপকূলে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে বাহারছড়া উপকূলের সাগরে একটি সন্দেহজনক ট্রলার দেখতে পায় কোস্টগার্ড। থামার সংকেত দিলে ট্রলারে থাকা পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়।
ট্রলারটি তল্লাশি করে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫০ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
লে. কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
আরো পড়ুন: