শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৮:০৫

দেশে শিশুদের প্রতি শারীরিক, মানসিক ও অনলাইনভিত্তিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (৬ জুন) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলা: প্রতিবন্ধকতা, দায়িত্ব ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব নয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রের সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শিশু নির্যাতনের মূল কারণগুলো চিহ্নিত করে বিদ্যমান আইন, নীতি ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতি মূল্যায়ন করা জরুরি। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।

কায়সার কামাল আরও বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

বর্তমান সময়ে শিশুদের প্রতি শারীরিক, মানসিক ও অনলাইনভিত্তিক নির্যাতনের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

রামিসা হত্যার বিচার প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, দ্রুততম সময়ে সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।