রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১১:২৭

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা হন।

সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম মস্কো সফর। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশি পণ্যের জন্য রুশ বাজার সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালুর অগ্রগতি ও প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ এবং শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও কথা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প, যা রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রকল্পের অর্থায়ন ও ঋণ পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, সেই সংকট কাটিয়ে সমাধানের পথে এগোচ্ছে দুই দেশ।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী রুশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছিল রাশিয়া। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভূমিকা রাখতে পারে।