অবৈধ পুশইন বা অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ পুশইন বা অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৬:২৫

সীমান্তে অবৈধ পুশইন বা অনুপ্রবেশের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে অবৈধ পুশইনসহ গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজি পর্যায়ের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশি প্রতিনিধি দল ভারতে যাচ্ছে। সেখানে সীমান্তের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। পাশাপাশি সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সব অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেব, ইনশাআল্লাহ। তবে এসব বিষয় প্রথমে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা প্রয়োজন।’

এ সময় পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি দ্রুত এগিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।